মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: পাবনার সাঁথিয়ায় পূর্ববিরোধের জের ধরে হামলা, বাড়িঘর ভাংচুর ও নগদ অর্থসহ স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোর রাত ৩ টার দিকে উপজেলার নাগডেমড়া ইউনিয়নের সোনাতলা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২৭ জনকে নামীয় আসামিসহ অজ্ঞাত ১০/১৫ জনের নামে মামলা হয়েছে।
আটককৃতরা হলো উপজেলার সোনাতলা গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে মুকুল হোসেন, আজগর আলীর ছেলে ফুলচাঁদ মিয়া ও খোকন, মৃত আলা বক্সের ছেলে রতন মিয়া, ইদ্রিস আলীর ছেলে সরোয়ার, নজরুল ইসলামের ছেলে সায়েদুর রহমান, পুঁঠিপাড়া গ্রামের গোলাপ শেখের ছেলে আব্দুল কাদের।
থানায় এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোররাত ৩ টার দিকে সোনাতলা মধ্যপাড়ার খোকন, নজরুল, নান্নু, ফুলচাঁদ, রতন মিয়াসহ প্রায় ৩০/৪০জনের একটি সংঘবদ্ধ দল চাইনিজ কুড়াল, হাসুয়া, রডসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একই গ্রামের বকুল হোসেন মিস্ত্রির বাড়িতে হামলা করে।
তারা ঘরের বেড়ার টিন ভাংচুর করে এবং ঘরে ঢুকে শোকেসের ড্রয়ার ভেঙ্গে নগদ অর্থসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় বকুলের ভাতিজা নুর মোহাম্মদ ঠেকাতে গেলে তাকে মারপিট করে গুরুতর আহত করে এবং বকুল হোসেনের খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়।
এছাড়া তারা ককটেল ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে বলে জানান স্থানীয়রা। এ ঘটনায় বকুল হোসেনের ভাতিজা সবুজ হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে ৮ জনকে আটক করা হয়েছে। অন্যান্যদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
.jpg)
