রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আশিক সাঈদ বলেছেন, “পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং পুলিশ আস্থা অর্জন করে সেই আস্থার জায়গায় ফিরে নেয়ার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে সর্বাঙ্গে সবার সহযোগিতা প্রয়োজন।”
পাবনা সদর থানা প্রাঙ্গণে বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় পাবনার বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত গ্রহণ করেন তিনি।
পরে ডিআইজি বলেন, একটি দেশের উন্নয়ন সবচেয়ে বেশি আইনশৃঙ্খলার ওপর নির্ভর করে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন না হলে কোনো কিছুর উন্নয়ন সম্ভব নয়। বর্তমানে সবচেয়ে প্রকট আকার ধারণ করেছে মাদক।
এসব নির্মূল করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে। মাদক নির্মূলে পুলিশ বদ্ধপরিকর। কোনো মাদক ব্যবসায়ী ও গডফাদারকে গ্রেপ্তার করা হলে তদবির না করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সরকার মাত্র ছয় মাস অতিবাহিত করছে। এ সময়ে সারের সংকটের কথা শোনা যাচ্ছে। কৃত্রিম সংকট যেন কেউ তৈরি করতে না পারে, সে বিষয়ে প্রশাসন ও নেতৃস্থানীয় ব্যক্তিদের সজাগ থাকতে হবে।
একই সঙ্গে পুনরায় ফ্যাসিবাদের দিকে যেন ফিরে যেতে না হয়, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
জেলা পুলিশ সুপার আবু আশ্রাফের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক জহুরুল হক বিশু, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন।
.jpg)
