পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) শহরের চক পৌলানপুর এলাকায় অভিযান চালিয়ে ৭৮ বোতল নিষিদ্ধ ‘এসকাফ’ সিরাপসহ মোঃ তুষার (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ।
বুধবার (৫ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত তুষার ঈশ্বরদী থানার চর গড়গড়ি গ্রামের তমিচ সরদারের ছেলে। সে দীর্ঘদিন ধরে পাবনা সদরের চক পৌলানপুর এলাকায় মাসুম আলমের বাড়িতে ভাড়া থেকে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চক পৌলানপুর এলাকায় অভিযান চালালে তুষার পালানোর চেষ্টা করে। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। পরবর্তীতে তুষারের দেওয়া তথ্যের ভিত্তিতে তার ভাড়া বাসার খাটের নিচে লুকানো একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ৭৮ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেছে, সে দেশের সীমান্ত এলাকার বিভিন্ন স্থান থেকে এসব নিষিদ্ধ মাদক সংগ্রহ করে পাবনার বিভিন্ন এলাকার সেবী ও খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিল।
বিষয়টি নিশ্চিত করে পাবনা জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ (ওসি) মোঃ রাশিদুল ইসলাম জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় পাবনা সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।
.jpg)
