বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন পাবনার কৃতি সন্তান রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। তিনি আগামী ২৩ জুলাই ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি গ্রহণ করবেন এবং আনুষ্ঠানিকভাবে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করবেন। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহ উল আজিমের পৈতৃক নিবাস পাবনা জেলায়।
১৯৮৭ সালের ১ জানুয়ারি নৌবাহিনীতে যোগ দেওয়া খোন্দকার মিসবাহ উল আজীম মালয়েশিয়ান নৌবাহিনী থেকে বিশেষ কৃতিত্বের সাথে প্রশিক্ষণ শেষে ১৯৮৯ সালের ১ জুলাই এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। তিনি ৮৭-এ ব্যাচের জ্যেষ্ঠতা ও মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারী কর্মকর্তা।
শিক্ষাজীবনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় স্থান পেয়ে চ্যান্সেলর অ্যাওয়ার্ড লাভ করা এই কর্মকর্তা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে মেরিটাইম গভর্ন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া ডিফেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে তার এমফিল এবং প্রথম শ্রেণিতে তিনটি মাস্টার্স ডিগ্রি রয়েছে।
চার দশকের দীর্ঘ সামরিক জীবনে তিনি কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল (কমচিট), কমান্ডার ঢাকা নৌ অঞ্চল, কমান্ডার সাবমেরিন, এবং বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্টসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি নৌবাহিনীর ফ্রিগেট বানৌজা ওমর ফারুকসহ বেশ কিছু জাহাজের অধিনায়ক ছিলেন। এছাড়া লেবানন ও কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এবং সর্বশেষ ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব অত্যন্ত সুনামের সাথে পালন করেছেন।
অসামান্য সেবার স্বীকৃতিস্বরূপ তিনি ‘নৌবাহিনী পদক’ (এনবিপি), ‘নৌ-পারদর্শিতা পদক’ (এনপিপি), ‘জাতীয় শুদ্ধাচার পুরস্কার’ এবং তিনবার নৌবাহিনী প্রধানের প্রশংসাসূচক ইনসিগনিয়া লাভ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বেগম নুরতাজ আজীমের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ এবং দুই কন্যা সন্তানের জনক।
.jpg)
