পাবনার আতাইকুলা থানা এলাকায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়ালো।
এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত রয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলার মাধপুর সড়াডাঙ্গী এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের সলিম প্রামাণিক, তার স্ত্রী বুলু খাতুন, নিহত কেয়ার ভাই নাফিজ (৭) এবং পাবনা পৌর এলাকার উত্তর শালগাড়ীর জামাল শেখের ছেলে অ্যাম্বুলেন্সের চালক রাজ শেখ (৩০)।
বিষয়টি নিশ্চিত করে পাবনার মাধপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান রহমান জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মোছা. কেয়া খাতুন (১৯) নামে এক তরুণীর লাশ নিয়ে নিজ গ্রামে ফিরছিলেন পরিবারের সদস্যরা।
এসময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী পাবনা এক্সপ্রেস নামে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালকসহ ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে গুরুতর আহতদের পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। অবস্থার অবনতি হলে দুইজনকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসকেরা। হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যায়। এছাড়া সন্ধ্যার দিকে নাফিস নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
.jpg)
