পাবনা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ সাঁড়াশি অভিযান জোরদার করা হয়েছে। জেলা পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ৬০ দিনে জেলা জুড়ে পরিচালিত বিভিন্ন ধারাবাহিক অভিযানে মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে মোট ৯৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) জেলা পুলিশ পাবনার অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে প্রকাশিত এক পরিসংখ্যানে এই তথ্য নিশ্চিত করা হয়। 'আজকের একটি সচেতন সিদ্ধান্ত, আগামীর একটি মাদকমুক্ত প্রজন্ম'— এই প্রত্যয় ও স্লোগানকে সামনে রেখে জেলা জুড়ে মাদকের বিরুদ্ধে কঠোর 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করেছে জেলা পুলিশ।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, যুবসমাজকে মাদকের ভয়াবহ করাল গ্রাস থেকে রক্ষা করতে এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পাবনার বিভিন্ন থানা এলাকায় নিয়মিত মাদকবিরোধী টহল, চেকপোস্ট ও বিশেষ অভিযান চালিয়ে এই ৯৭১ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে আইনের আওতায় আনা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে পাবনার পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ জানান, শুধু আইনি অভিযান পরিচালনা করাই পুলিশের একমাত্র লক্ষ্য নয়, বরং একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা অত্যন্ত জরুরি।
তিনি আরও জানান, অপরাধ ও মাদকের যেকোনো তথ্য তাৎক্ষণিকভাবে জেলা পুলিশকে জানাতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। এক্ষেত্রে তথ্যদাতার নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রেখে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাবনা জেলাকে অপরাধমুক্ত ও মাদকমুক্ত রাখতে পুলিশের এই বিশেষ অভিযান আগামীতেও আরও জোরালোভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
.jpg)
