বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সারাদেশের মতো পাবনাতেও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জামায়াত। এতে দলটির স্মরণকালের সেরা শোডাউন করতে দেখা গেছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহীদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কোর্ট মোড়, অনন্ত মোড়, মুজাহিদ ক্লাব হয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে শেষ হয়।
এর আগে সকাল ৯টা থেকে বিভিন্ন উপজেলা, থানা ও ইউনিয়ন শাখা থেকে নেতাকর্মীরা শহীদ চত্বরে জড়ো হন। তারা আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফ্ফার খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মণ্ডল।
তিনি বলেন, ‘শেখ হাসিনার ট্রেন বহরে হামলার মামলায় বিএনপির নেতাকর্মীরা মুক্তি পেয়েছেন, ১০ ট্রাক অস্ত্র মামলার আসামি লুৎফুজ্জামান বাবর মুক্তি পেয়েছেন, কিন্তু এখনো জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাননি। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে তার দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি, অন্যথায় দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে।’
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান, প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো. ইকবাল হোসাইন, সাবেক আমীর মাওলানা আব্দুর রহিম, বগুড়া অঞ্চল পরিচালক টিমের সদস্য নজরুল ইসলাম, বেড়া উপজেলা জামায়াতের সাবেক আমীর আব্দুল বাছেত খান, পাবনা পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ, সদর আমীর আব্দুর রব, অধ্যাপক রকিব উদ্দিন, ইব্রাহিম খলিল আইনুল প্রমুখ।
.jpg)
