ঈশ্বরদীতে ১০ লাখ টাকার হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

0


 

রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ এক দম্পতিকে আটক করেছে পাকশী রেলওয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাত প্রায় ১২টা ৪৫ মিনিটে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের অদূরে চলন্ত ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ‘জ’ বগির ৭৬ ও ৭৭ নম্বর আসনে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।


আটকরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কল্যাণপুর এলাকার বাসিন্দা মোছা. সাজেমা বেগম (৪২) এবং তার স্বামী মো. কাজল আহমেদ (৪৩)।


পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার মো. মেহেদী হাসানের নির্দেশনায় ডিবির একটি বিশেষ দল রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটিতে নজরদারি শুরু করে। ট্রেনটি ঈশ্বরদীর দিকে আসার সময় সন্দেহভাজন ওই দম্পতিকে শনাক্ত করে তল্লাশি চালানো হয়।


তল্লাশির একপর্যায়ে সাজেমা বেগমের হাতে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে ৫০ গ্রাম এবং কাজল আহমেদের প্যান্টের পকেট থেকে আরও ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে ডিজিটাল ওজন মেশিনে মাদকদ্রব্যের পরিমাণ নিশ্চিত করে সেগুলো জব্দ করা হয়।


এ ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আটক দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top